চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান ডিডিএন (ডিজিটাল ডট নেট)–এর কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করে এটিকে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সাজানো ঘটনা বলে দাবি করেছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ অফিসে ঢুকে কম্পিউটার, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, দুই দিন আগে ডেভিড ইমন নামে একজন ফোন করে তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। ওই দাবি প্রত্যাখ্যান করার পর সোমবার দুপুরে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
তিনি বলেন, “কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে গেছে। আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর ওপর শারীরিক হামলা চালানো হয়নি। অভিযুক্তদের সঙ্গে আমাদের আগে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কও ছিল না। সব মিলিয়ে আমাদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
তবে অভিযুক্ত ডেভিড ইমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এক্সাবাইট ও ডিডিএনের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রাপ্য অর্থ ফেরত চাইতেই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, “আমি বা আমার কোনো লোকজন ওই হামলা, ভাঙচুর কিংবা লুটপাটের সঙ্গে জড়িত নই। আমার ন্যায্য পাওনা পরিশোধ না করতেই পরিকল্পিতভাবে এই ঘটনার দায় আমার ওপর চাপানো হচ্ছে।”
এদিকে, মুঠোফোনে চাঁদা দাবির কথোপকথনের বিষয়ে জানতে চাইলে ডেভিড ইমন বলেন, “আমার সঙ্গে হওয়া কথোপকথনের কল রেকর্ডটি কেটে-ছেঁটে প্রকাশ করা হয়েছে। ব্যবসায়িক আলোচনার অংশ বাদ দিয়ে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

