বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুদান গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম চেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দুর্যোগ ও সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলাকে আরও শক্তিশালী করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের চলমান কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই সর্বাত্মকভাবে কাজ করছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
চেক হস্তান্তর শেষে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হক বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানো চট্টগ্রাম চেম্বারের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
ফারুক, চট্টলা২৪

