বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সব ধর্মের মানুষের জন্য নিরাপদ নগরী গড়তে চাই: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন একটি নগরী, যেখানে দীর্ঘদিন ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কোনো উসকানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করে সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ নগরী গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার নগরীর নন্দনকানন রথের পুকুরপাড়, ডিসি হিল ও প্রবর্তক মোড় এলাকায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।

মেয়র বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। তিনি সবসময় ঐক্যের পক্ষে উল্লেখ করে বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমি মেয়র হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।’ বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে উল্লেখ করে তিনি বলেন, এবারের রথযাত্রা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি উৎসবে অংশ নেওয়া সবাইকে শৃঙ্খলা বজায় রাখা, একে অপরকে সহযোগিতা করা এবং উৎসবের সৌন্দর্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

পরে মেয়র রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে মতবিনিময় করেন। রথযাত্রা আয়োজন সফল করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...