বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথি ও নেতৃবৃন্দ নিচে পড়ে গেছেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে ত্রাণ নিতে গিয়ে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী গাড়ি থেকে নেমে ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর সেখানে অতিরিক্ত নেতাকর্মী ও অতিথির সমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত চাপের কারণে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর সেটি ধসে পড়ে এবং উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।’

তবে মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় ঠেলাঠেলিতে দোহাজারী বার্মা কলোনির রাশেদা আক্তার (৬০), খাগরিয়ার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার ও দোহাজারী উল্লাপাড়ার আয়েশা আক্তারসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হন বলে জানা গেছে।

তবে ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ইউএনও মো. আবদুর রহমান। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল ত্যাগ করার পর এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমার জানা নেই।’

এর আগে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বন্যার্তদের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...