বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জনগণের সরকার, জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগে সম্মিলিতভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বহু বসতবাড়ি, মৎস্য প্রকল্প, সবজি খেত ও ফসলি জমি। প্রাণহানির পাশাপাশি অনেক পরিবার তাদের শেষ আশ্রয়টুকুও হারিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার প্রাথমিক ত্রাণ সহায়তা পেলেও এখনো স্থায়ী পুনর্বাসনের সুযোগ পায়নি। ফলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার এবং পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। অনেক পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা নির্ধারিত নিয়মে আবেদন করলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...