চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেছেন, মানুষের সংকটে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। চট্টগ্রাম ওয়াসা শুধু নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোও প্রতিষ্ঠানটির দায়িত্ব।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নগরীর বেবি সুপার মার্কেট মোড়সংলগ্ন পূর্ব নাসিরাবাদ আবদুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘আজকের এই ত্রাণসামগ্রী বিতরণ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে- এটাই আমাদের প্রত্যাশা। দুর্যোগ মোকাবিলায় সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।’
তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে নিরাপদ সুপেয় পানির গুরুত্ব অত্যন্ত বেশি। এ কারণে চট্টগ্রাম ওয়াসা প্রয়োজনীয় সহায়তা ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী, সৌমিত পাল, আবদুল্লাহ মোহাম্মদ সাকের, মুহাম্মদ শাহাবুদ্দিন, এ এস এম আতিয়ার রহমান, রিচার্ড নেলসন পিনারু, রুমেন সেন, সাইফুল ইসলাম, মো. ওমর ফারুক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সিদ্দিকসহ ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আহ্বায়ক ও দৈনিক দিনকাল-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, এ্যাব নেতা প্রকৌশলী রফিকুন নবী, চুয়েটের সাবেক ভিপি সিরাজুল ইসলাম, প্রকৌশলী মেসবাউল আলম, প্রকৌশলী কামরুজ্জামান, ইমদাদুল হক শাহিন, আবুল বাশার ও সায়েম শাহীনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

