ভারী বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় শনিবার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হতে পারে। এ সময় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাপ্তাই হ্রদের পানি নিষ্কাশন নিয়ে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি উচ্চতায় খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা, পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা ও ইনফ্লোর পরিবর্তনের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। ইনফ্লো বেড়ে গেলে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে।
ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ৬ ইঞ্চি উচ্চতায় পানি ছাড়ার প্রস্তুতি চলছে। কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাঁধের ওপর পানির চাপ কমাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ফারুক, চট্টলা২৪

