চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে (CCT-03) কন্টেইনার খালাসের সময় একটি অপারেশনাল দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ‘CHANG HAI’ নামের একটি জাহাজ থেকে কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ (QGC-04) দিয়ে ৪০ ফুটের একটি আমদানি কন্টেইনার নামানোর সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে যায়। এতে কন্টেইনারটি ক্রেনের বিমের ওপর পড়ে যায়। দুর্ঘটনায় ক্রেন ও কন্টেইনার উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে বন্দর নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনার অপসারণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে। এছাড়া রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ এর মেরামত কার্যক্রম শুরু হবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটি-০৩-এর দুর্ঘটনাকবলিত নির্দিষ্ট স্পট ছাড়া বন্দরের অন্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
ফারুক, চট্টলা২৪

