স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলোর নতুন তারিখ নির্ধারণ করে পর্যাপ্ত প্রস্তুতির সময় রেখে দ্রুত সংশোধিত রুটিন প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজের ১২ জন পরীক্ষার্থীর একটি প্রতিনিধি দল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে এ স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে সাতকানিয়া, চন্দনাইশসহ বন্যাদুর্গত উপজেলাগুলোর পরীক্ষার্থীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে স্থগিত পরীক্ষার বিষয়ে সার্বিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় রেখে দ্রুত নতুন পরীক্ষার রুটিন প্রকাশের দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো এমনভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়। তাদের স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পরীক্ষার রুটিন প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থীদের ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সাব্বির, চট্টলা২৪

