চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এ সময় হামলাকারীদের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারীদের বহনকারী অ্যাম্বুলেন্সটি জব্দ করে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক মো. মহিউদ্দিনকে (৩১) গ্রেফতার করা হয়।
একই দিন র্যাব-৭ অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া মামলার সঙ্গে জড়িত আরও নয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের তুহিন (২২), আকবর হোসেন (৩৮), চট্টগ্রামের আব্দুল মুমিন (৩০), হবিগঞ্জের রোহেন মিয়া ওরফে মাইক্যাল (৩১), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং চট্টগ্রামের মো. সাইফুদ্দিন (৩২)।
পুলিশ জানায়, চকবাজার থানায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, ডিডিএনে চাঁদা দাবির পর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সাব্বির, চট্টলা২৪

