ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠী যেন ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বন্যাদুর্গত পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করতে খাগড়াছড়ি সফর করছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বন্যার প্রথম দিন থেকেই তিন পার্বত্য জেলায় পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দুর্যোগ সফলভাবে মোকাবিলা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈষম্যহীন ও সম্প্রীতির ‘রঙধনু জাতি’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে মহালছড়ি উপজেলার যতীন্দ্র নাথ কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোহাইল, চট্টলা২৪

