ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরে উচ্চগতির রেল বা ‘বুলেট ট্রেন’ চালুর ক্ষেত্রে চীনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আগ্রহ এবং চীনা বাজারে বাংলাদেশি পণ্যের বৃহত্তর প্রবেশের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
আজ রোববার (১৯ জুলাই) এক চিঠির মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের প্রতি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
চিঠিতে চেম্বার সভাপতি উল্লেখ করেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। একই সাথে বাংলাদেশে ক্রমবর্ধমান বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে দেশটির জাতীয় অর্থনৈতিক উন্নয়নে চীন উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
ভবিষ্যতে দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাত—বিশেষ করে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদনশীল ও শিল্প খাত, ইস্পাত, বন্দর, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ, রিজিওনাল কানেক্টিভিটি এবং কৃষি ইত্যাদি ক্ষেত্রে চীনের বিনিয়োগ ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ আমিরুল হক। তিনি মনে করেন, এর ফলে উভয় দেশই পারস্পরিকভাবে উপকৃত হবে।
একই সাথে, কৌশলগত ভৌগোলিক সুবিধাজনক অবস্থানের কারণে চট্টগ্রাম ক্রমশ একটি আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে চট্টগ্রামের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে রাষ্ট্রদূতের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান সিসিসিআই সভাপতি।
সোহাইল, চট্টলা২৪

