হেয়ার কাট নীতি বাতিলের প্রজ্ঞাপন জারি, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করেছেন।
রোববার (১৯ জুলাই) দুপুরে নগরের লালদিঘি ও আন্দরকিল্লা এলাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আমানতের নিরাপত্তা নিশ্চিত, হেয়ার কাট নীতি বাতিল এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সহসভাপতি শারমিন আক্তার বলেন, অর্থমন্ত্রী সংসদে হেয়ার কাট নীতি বাতিলের ঘোষণা দিয়েছেন। এখন এর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করতে হবে।
আমানতকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা অর্থ তুলতে পারছেন না। অনেকের এফডিআরের মেয়াদ শেষ হলেও মুনাফা দেওয়া হচ্ছে না। হেয়ার কাট নীতির কারণে আমানতের নিরাপত্তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা জানান, সরকারি প্রজ্ঞাপন জারি, আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত, লেনদেন স্বাভাবিক ও গ্রাহক হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।
ফারুক, চট্টলা২৪

