বন্যায় ক্ষতিগ্রস্ত ও স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দিতে ফটিকছড়িতে ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
রোববার (১৯ জুলাই) বিকেলে ফটিকছড়িতে খাদ্য বিভাগের বাস্তবায়নে আয়োজিত ওএমএস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, সরকারের লক্ষ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। ওএমএস কার্যক্রমের মাধ্যমে সারা দেশের মতো ফটিকছড়ির সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন।
তিনি জানান, ফটিকছড়ির দুই পৌরসভাসহ প্রায় ২০ হাজার মানুষ এ কার্যক্রমের আওতায় সহায়তা পাবেন। সরকার নির্ধারিত মূল্যে বন্যাদুর্গত মানুষের মাঝে চাল ও আটা বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

