চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসাসামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধা, চাঁদা দাবি, হামলা এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (STP Association)।
শনিবার (১৮ জুলাই) সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ১৭ জুলাই রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ভাটিয়ারী এলাকার নিয়াজ গাজীর বাড়ির (প্রকাশ কাটুইজ্জে বাড়ি) সামনে রানা নামে এক ব্যক্তি তাদের বহরের গতিরোধ করেন। এ সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সঙ্গে থাকা প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ওষুধসামগ্রী জোরপূর্বক নিয়ে ড্রেনে ফেলে দেওয়া হয়। পরে রানা, তার ভাই হারুনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ত্রাণের জন্য বহন করা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং সংগঠনের দুই সদস্যকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, STP Association একটি অরাজনৈতিক ও মানবতাবাদী সংগঠন। ২০২৪ সাল থেকে তারা ফেনী, হাটহাজারী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ ও জলাবদ্ধতা নিরসনসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তারা আরও জানান, হামলায় আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পাশাপাশি বাংলাবাজার মেডিকেল ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওষুধসামগ্রী ও নগদ অর্থসহ মোট ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে মানবিক ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।
তবে অভিযুক্ত রানা ও হারুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সোহাইল, চট্টালা২৪

