বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে প্রয়োজনীয় সংস্কার না হলে কোনো রাজনৈতিক শক্তিই টিকে থাকতে পারবে না। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার সময় নেই। কিন্তু সেই জনগণ এখনো বাংলাদেশে আছে। যাদেরকে শেখ হাসিনা গোনেননি, সেই জনগণই তার গদিতে আগুন লাগিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল। দুইশ আসন পেয়ে তারেক রহমানের এমন পাখনা গজিয়েছে, এত আকাশে উড়তেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশে সংস্কার যদি না হয়, সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।’

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংবিধান সংস্কার কমিটির উদ্দেশ্য নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা সরকারগুলো যে রাজনৈতিক কাঠামো তৈরি করেছে, সেটি বহাল রাখার চেষ্টা চলছে। তিনি বলেন, জনগণ এই কাঠামোর বিরুদ্ধে সোচ্চার হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। তার অভিযোগ, বিএনপি এখন দেশের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে এবং ভারতের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। তিনি তারেক রহমানকে ‘লজ্জা-শরম ফিরিয়ে আনার’ আহ্বান জানান।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রভাব বেড়েছে। তিনি বলেন, ‘আজকে থানা অফিস চালাইতে পারে না, ইউএনও অফিস চালাইতে পারে না, ডিসি-এসপিরাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিএনপির নেতাদের হস্তক্ষেপে সরকারি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের অধিকার, ভোটাধিকার, কর্মসংস্থান, সম্প্রীতি ও জাতীয় স্বার্থ রক্ষার রাজনীতি করে। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় এনসিপি।

সভায় তিনি কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া এবং সদস্য সচিব মাসুম মিয়ার নাম ঘোষণা করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

পথসভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা আক্তারসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...