রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (এমএসএল)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে নিষ্কাশন করা হয়।
টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয়। কাপ্তাই বাঁধের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
সাব্বির, চট্টলা২৪

