রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে সেটা করার অপশন আছে। তবে আমরা সেটা জানি না।’
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’
এ সময় সাংবাদিকরা বলেন, বিষয়টি শুধু গুঞ্জন নয়, বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আর সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখেছেন এবং গুঞ্জন শুনছেন, সেটা আমিও শুনেছি।’

