চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবে বহিরাগত নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, জ্যেষ্ঠ সদস্যদের অপমান, অবৈধভাবে চাঁদা দাবি এবং সিজেকেএস-এর কাউন্সিলর পদ দখলের চেষ্টার মধ্যেই চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে নগরীর এস এস খালেদ রোডস্থ ফ্রেন্ডস ক্লাবের সামনের রাস্তা থেকে মাতলামি করা অবস্থায় তাকে আটক করা হয়।
শাহেদ বক্সের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে চালান দেওয়া হয়েছে।
এর আগে শাহেদ বক্সের নানাবিধ অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল বশর। তিনি জানান, গত ১৫-২০ দিন ধরে শাহেদ বক্স ক্লাবের পরিবেশ চরমভাবে ক্ষুণ্ন করছিলেন। তিনি অভিযোগ করে বলেন, শাহেদ বক্স ক্লাব প্রাঙ্গণে এসে জ্যেষ্ঠ সদস্যদের উদ্দেশ্যে চরম অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করে আসছিলেন। পাশাপাশি বহিরাগতদের নিয়ে এসে ক্লাবের ভেতর মদ্যপান ও অস্থিতিশীল পরিবেশ তৈরির মতো ঘটনা ঘটাচ্ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল বশর আরও অভিযোগ করেন, ফ্রেন্ডস ক্লাবের ইনডোর গেমসের আয় ও খেলোয়াড়দের অনুশীলনের জন্য সংরক্ষিত তহবিল থেকে শাহেদ বক্স অন্যায়ভাবে টাকা ও চাঁদা দাবি করে আসছিলেন।
সিজেকেএস (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)-এর কাউন্সিলরশিপের বিষয়ে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি জানান, শাহেদ বক্স বর্তমানে ফ্রেন্ডস ক্লাবের কোনো নিবন্ধিত সদস্য বা প্রতিনিধি নন। প্রায় ৩০-৩৫ বছর আগে তিনি কেবল জুনিয়র পর্যায়ে টেবিল টেনিস ও ক্রিকেট খেলতেন। যেখানে ফ্রেন্ডস ক্লাবের বর্তমান সভাপতি বা সাধারণ সম্পাদকই এখনো সিজেকেএস-এর কাউন্সিলর হননি, সেখানে ক্লাবের কোনো পদে না থেকেও তিনি অন্যায্যভাবে সিজেকেএস-এর কাউন্সিলরশিপ দাবি করছিলেন।
ফারুক, চট্টলা২৪

