তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে কমিউনিটি রেডিও ‘রেডিও সাগরগিরি এফএম ৯৯.২’ পরিদর্শন করেছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী এ শিক্ষাসফরের আয়োজন করা হয়।
বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমীর নেতৃত্বে এবং শিক্ষক ও শিক্ষাসফর আয়োজনের আহ্বায়ক সরওয়ার কামালের তত্ত্বাবধানে দুই বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা সীতাকুণ্ডে যান। সফরে বিভাগের শিক্ষক মুহাম্মদ নাইম উদ্দীন, তাসনুভা তাহসিন, এমাদুল হাসান, জান্নাতুন নাদিয়া নুর ও অতিথি শিক্ষক রাফী তাহসিমা রহিমসহ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসিতে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাগত জানান ইপসার সীতাকুণ্ড অঞ্চলের ম্যানেজার তোফায়েল ইসলাম, রেডিও সাগরগিরির সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার সঞ্জয় চৌধুরীসহ কর্মকর্তারা।
পরে ইপসা এইচআরডিসির সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে ইপসা ও রেডিও সাগরগিরির কার্যক্রম তুলে ধরার পাশাপাশি কমিউনিটি রেডিও কীভাবে স্থানীয় মানুষের জীবনযাত্রা, কৃষি, স্বাস্থ্য ও বিভিন্ন সমস্যা তুলে ধরে, তা শিক্ষার্থীদের জানানো হয়।
এরপর শিক্ষার্থীরা রেডিও সাগরগিরির অন-এয়ার স্টুডিও, রেকর্ডিং প্যানেল, নিউজ রুম ও অডিও সম্পাদনা কক্ষ ঘুরে দেখেন। একটি রেডিও অনুষ্ঠান কীভাবে প্রস্তুত, রেকর্ড ও সম্প্রচার করা হয়, সে বিষয়ে তাঁরা সরাসরি ধারণা নেন।
বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমী বলেন, সাংবাদিকতার মতো ব্যবহারিক পেশায় শুধু তাত্ত্বিক শিক্ষা যথেষ্ট নয়। এ ধরনের ফিল্ড ভিজিট শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়তা করে।
রেডিও স্টেশন পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিরসরাইয়ের মহামায়া লেকে যান। সেখানে নৌবিহার, গান ও আড্ডায় অংশ নেন তাঁরা। দিনব্যাপী শিক্ষা ও বিনোদনের পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বইয়ে শেখা সম্প্রচার সাংবাদিকতার বিষয়গুলো সরাসরি একটি রেডিও স্টেশনে দেখার সুযোগ তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা। এতে সম্প্রচার কার্যক্রম সম্পর্কে তাঁদের ধারণা আরও পরিষ্কার হয়েছে।
ফারুক, চট্টলা২৪

