ডেক্স রিপোর্ট: চট্টগ্রামের লোহাগাড়ায় বসতঘরের দ্বিতীয় তলায় ঢুকে রিয়াদ হোসেন (২৮) নামে এক যুবকের হাত–পা ও মুখ বেঁধে ৩ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াদ ওই এলাকার মৃত আবিদুর রহমানের ছেলে।
ক্ষতিগ্রস্ত রিয়াদ জানান, শনিবার রাতে ব্যাডমিন্টন খেলে নিজের কক্ষে ঘুমাতে যান। কিছুক্ষণ পর পাঁচজন দুর্বৃত্ত রুমে ঢুকে তার হাত–পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় প্রতিরোধ করতে গেলে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে। এরপর তারা রুম থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
রিয়াদ ধারণা করছেন, দুর্বৃত্তরা বসতঘর সংলগ্ন নারিকেল গাছ বেয়ে দ্বিতীয় তলায় উঠে কক্ষে প্রবেশ করে এবং লুটপাট শেষে একইভাবে পালিয়ে যায়। পায়ের বাঁধন খুলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমন দাশ/চট্টলা ২৪

