চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোছাঃ রাবেয়া খাতুন (৬০) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোঃ ইউনুসের স্ত্রী।
সেনাবাহিনী জানায়, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা বেচাকেনা ও অন্যান্য অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবেয়া খাতুনকে আটক করা হয়। তবে তার স্বামী মোঃ ইউনুস টের পেয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ১৬০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির সরঞ্জাম, চারটি দেশীয় অস্ত্র (চাকু), এবং নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক স্বামীকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেক্স রিপোর্ট/ ইমন দাশ

