সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত দলের সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ডাকাত দলের সদস্যের নাম রাশেদ।
সোমবার(৯ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার ভোর রাত চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হন রাশেদ।
পুলিশ জানিয়েছে, একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কারে) ডাকাতির সময় টহল পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ডাকাত দলের সদস্যরা। এ সময় মো. রাশেদ গুলিবিদ্ধ হন। রাশেদও ডাকাত দলের সদস্য।
ডাকাতির শিকার মো. নুরুজ্জামান নামের এক ব্যক্তি বাদী হয়ে এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া নিহত রাশেদের বাবা বাদশা আলমও একটি মামলা করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ডাকাতদের ছোড়া গুলিতে দলছুট এক সদস্য পেটের নিচের দিকে গুলিবিদ্ধ হন। এরপর ডাকাত দলের অন্য সদস্যরা গুলিবিদ্ধ রাশেদকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আহত অবস্থায় রাশেদকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সকাল সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
এ আর ইমন/চট্টলা২৪

