চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার রাউজানসহ বিভিন্ন উপজেলায় বিজয় মেলা আয়োজন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তিনি বলেন, দাঙ্গা-হাঙ্গামা করে মেলা আয়োজনের কোনো প্রয়োজন নেই।
রাউজান কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা ঘিরে বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চার্জশীট দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বিজয় মেলা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়া কাম্য নয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন শুধুমাত্র একদিনের জন্য বিজয় মেলা আয়োজন করা হবে। একদিনের বেশি বিজয় মেলা হবে না এবং অন্য কোনো মেলার অনুমতি দেওয়া হবে না। ১৬ ডিসেম্বর দিনটি উপলক্ষে তোপধ্বনি, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন থাকবে।
চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক গত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন।
এদিন জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সিএনজি অটোরিক্সার নিবন্ধন, রাস্তা দখল করে হাট-বাজার স্থাপন বন্ধ করা, অবৈধ অস্ত্র উদ্ধার, খুন, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, নারী ও শিশু নির্যাতন, মাদক পাচার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, যানজট এবং বন্য হাতির উপদ্রব থেকে জনমাল রক্ষা করতে হবে। তিনি কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট এবং ফুটপাত দিয়ে অবৈধ রিক্সা ও ভ্যানগাড়ি চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ডেক্স রিপোর্ট/ইমন দাশ

