চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ করতে চালু হলো ‘দ্রুতযান স্পেশাল সার্ভিস’। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই সেবার উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার।
বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট পর্যন্ত সরাসরি যাতায়াতের এই বাস সার্ভিসে শিক্ষার্থীরা মাত্র ৩০ টাকার টিকিটে ভ্রমণ করতে পারবেন। মুরাদপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। তবে সাধারণ যাত্রীদের জন্য ভাড়া ৪০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “দ্রুতযান সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে বড় সুবিধা পাবে। শিগগিরই আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে জোবাইক ও ইকার চালুর পরিকল্পনাও রয়েছে।”
বাস সেবার বৈশিষ্ট্য:
প্রতিটি বাস ২০ মিনিট পরপর চলাচল করবে।
সেবা চালু থাকবে সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
সম্পূর্ণ ই-টিকিটিং পদ্ধতিতে পরিচালিত হবে।
শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখিয়ে জিরো পয়েন্ট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। শহরের কাউন্টার থেকে আলাদা টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।
বাসের রুট:
চবি জিরো পয়েন্ট- ১ নম্বর গেট- অক্সিজেন- মুরাদপুর- ২ নম্বর গেট- ওয়াসা- কাজীর দেউড়ি- নিউ মার্কেট।
উল্টো পথে নিউ মার্কেট- টাইগারপাস- জিইসি- অক্সিজেন হয়ে চবিতে ফিরে আসবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা ছিল। দ্রুতযান সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সেই ভোগান্তি অনেকটাই কমবে।”
শিক্ষার্থীদের জন্য বিশেষ এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। আশা করা হচ্ছে, নতুন এই সেবা শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে গতি ও স্বস্তি যোগ করবে।
ডেক্স রিপোর্ট/ইমন দাশ

