চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুল মাঠে উদ্ধার হওয়া এক যুবকের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের পশ্চিম সাকুরা গ্রামের আহাম্মদ নুরের পালক পুত্র সাজ্জাদ হোসেন পারভেজ (২৫), যিনি লেদু নামেও পরিচিত।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সাজ্জাদ গত ১০ বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগহীন ছিলেন। ১০ ডিসেম্বর সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের একটি মাদ্রাসার মাঠে সাইকেল চুরি নিয়ে বিরোধের জেরে সাজ্জাদকে মারধর করা হয়। পরদিন সকালে ফতেয়াবাদ স্কুল মাঠে তার লাশ পাওয়া যায়।
নিহতের বোন সালমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল নাঈম (১৯) এবং মো. মুছা কাজেম (৩৭) নামে দুই ব্যক্তিকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

