চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে পুরকৌশল বিভাগের ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে প্রধান গেটের বাইরে ২৩ ব্যাচের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্তদের দোষ প্রমাণিত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে থাকতে পারবে না। তবে তারা আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করার সুযোগ পাবেন।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

