প্রায় ৭ মাস পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। বুধবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের বিপক্ষে খেলার মাধ্যমে ক্রিকেটে ফেরেন সাবেক টাইগার অধিনায়ক। তবে প্রথম ম্যাচে তেমন ছাপ রাখতে পারেননি তিনি, ১০ বলে করেন মাত্র ১৩ রান।
তবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট বিভাগের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে স্বরূপে ফিরেছেন বাংলাদেশের এই সেরা ওপেনার। ২৭ বলে অর্ধশতক পূরণ করেন তামিম, যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার ক্যারিয়ারের ৫০তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তোফায়েল আহমেদের বলে ছক্কা মারতে গিয়ে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও তার দল চট্টগ্রাম বড় সংগ্রহ গড়তে পারেনি। ইনিংসের শুরুতে দারুণ ছন্দে থাকা দলটি ১০ ওভারেই ১০০ রান পার করে। কিন্তু নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে থেমে যায় ইনিংস। কুয়াশার কারণে ম্যাচটি ১৫ ওভারে নির্ধারিত হয়।
তামিমের ফর্মে ফিরে আসা আশার সঞ্চার করলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারেনি।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

