শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এক প্রকল্পে তিন সংস্থা: চট্টগ্রামের পতেঙ্গায় উন্নয়নের সুবাতাস

চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন স্পট পতেঙ্গা সি বিচকে আধুনিক ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং জেলা প্রশাসন। শনিবার তিন সংস্থার প্রধানরা একসঙ্গে সি বিচ এবং রিং রোড সংলগ্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন। তারা উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিমের দায়িত্ব গ্রহণের পর থেকে পতেঙ্গা সি বিচকে পর্যটকবান্ধব করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। আলোকায়ন, শৌচাগার উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং বাগান স্থাপনের মাধ্যমে এলাকাকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করা হয়েছে। তবে এই প্রকল্প এককভাবে পরিচালনা করা কঠিন হওয়ায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করা হচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান নুরুল করিম এবং জেলা প্রশাসক ফরিদা খানম শনিবার সকালে ছয় কিলোমিটার এলাকাজুড়ে পরিদর্শন করেন। এই সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে বাগান তৈরি, বৈদ্যুতিক লাইট সচল করা, ওয়াকওয়ে পরিষ্কার রাখা এবং সি বিচ এলাকাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এসব কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

পতেঙ্গায় ২২ একর জমিতে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু হবে। এ কার্যক্রমের তদারকিতে সিডিএর প্রধান প্রকৌশলীকে সভাপতি করে একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে, যেখানে চসিক ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেছেন, একসঙ্গে তিন সংস্থা কাজ করায় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম বলেন, এককভাবে কোনো ভালো লক্ষ্য অর্জন সম্ভব নয়। সমন্বিত প্রচেষ্টায় পতেঙ্গাকে বিশ্বমানের পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে।

এই উদ্যোগে এলাকাবাসী এবং পর্যটকদের মাঝে উন্নয়নের নতুন আশা সঞ্চার করেছে। সবাই আশা করছেন, এবার পতেঙ্গা সি বিচ সত্যিই এক নতুন রূপ পাবে।

এ আর ইমন/ইমন দাশ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...