চট্টলা২৪ ডেস্ক: চট্টগ্রামে চাঁদার টাকা না পেয়ে বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। বাদী মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে আইনজীবী বিপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী জানান, কিং আলী ও তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে বসতবাড়ি দখল, মালামাল লুট, ভাঙচুর এবং চাঁদাবাজির অভিযোগে ১৮ আগস্ট বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত আজ কিং আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে, তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
উল্লেখ্য, বহিষ্কৃত বিএনপি নেতা কিং আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত মাসে পাহাড়তলী থানার এন মোহাম্মদ ট্রেডিংয়ে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়।
এ আর ইমন/ইমন দাশ/চট্টলা২৪

