চট্টগ্রামের মুরাদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় খুরশিদ বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মুরাদপুর পুলিশ বক্সের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত খুরশিদ বেগম চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মেয়ে নাহিদা আক্তার। তিনি জানান, তার মা বিকেল ৩টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা খুরশিদ বেগমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাহিদা আক্তার ঘাতক ট্রাকচালককে আটক করে শাস্তির দাবি জানান। তবে এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

