আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার পর্যটকদের অনেকে জানান, তারা অনলাইনভিত্তিক একটি ট্যুর গ্রুপের মাধ্যমে ঢাকা থেকে খাগড়াছড়িতে ভ্রমণে এসেছিলেন। আলুটিলা হয়ে শহরের দিকে আসার পথে বাসটি পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ জানান, ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কারণে এক ঘণ্টার মতো সড়কে যান চলাচল বন্ধ ছিল।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, আহতদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে এবং তাদের অবস্থা গুরুতর। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী বলেন, গুরুতর কোনো রোগী নেই। প্রাথমিক চিকিৎসার পর আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের কার্যক্রমে এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

