আব্দুর রহমান ইমন,চট্টলা২৪: গুপ্ত হত্যা সংঘটিত হলেও প্রশাসন এ বিষয়ে কোন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমন অভিযোগ তুলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও বিপ্লবে অংশগ্রহণকারীদের পরিকল্পিত হত্যার বিচার এবং বিদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে উসকানিমূলক পোস্ট দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন তারা। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্তহত্যা সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহী ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখনো ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নানা ধরনের উস্কানিমূলক প্রচারণা করছে। এছাড়া গণহত্যার সঙ্গে জড়িত যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি ফলে তারা এখনও গুপ্তহত্যার পরিকল্পনা করছে। শিক্ষার্থীদের দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশাও করছেন তারা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সাফায়াত হোসেন, সাইফুর রহমান খান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আবদুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বায়াত উল্লাহ বায়াত, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি তওসিফ ইমরুজ, আরমান শাহরিয়ার, ফাহিম, মুনয়িম আছরা, খলিলুর রহমান মুজাহিদ প্রমুখ।

