রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ (৪৩) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বালুখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানায়, হত্যার পেছনে কোনো শত্রুতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।
ডেস্ক রিপোর্ট: ইমন দাশ

