চট্টলা২৪ ডেস্ক: এস আলম কাণ্ডে বিতর্কের মুখে পদ হারানো দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টায় এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। পৃথক তিন বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ তাদের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে ২৫ ডিসেম্বর নির্দেশক্রমে তাদের স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হল। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এ আর ইমন/চট্টলা২৪

