এস আলম কাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডের জেরে পদ হারানো দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম এবং এস এম মামুন মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। পৃথক তিন বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

