বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পরপরই তাদের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে, পরিস্থিতির তীব্রতা বাড়ায় আরও তিনটি ইউনিট যুক্ত হয়।
সকাল ৮টা ৫ মিনিটে দীর্ঘ ৬ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, “আমাদের বড় গাড়িগুলো ভেতরে প্রবেশ করানো কঠিন ছিল, তাই গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়। সরাসরি ১০টি ইউনিট কাজ করেছে।”
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

