শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ কেজি ৩০০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশির সময় ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণ শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে, তবে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

