কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে। এ ঘটনার পর ১ হাজার কোটি টাকা মূল্যের ফ্লাইট বিজি১৪৮ (বোয়িং ৭৭৭-ইআর, রেজি নম্বর এস২-এএফকিউ) উড়োজাহাজটিকে কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী জব্দ দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের অভিযোগে প্লেনটিকেও অভিযুক্ত করা হয়েছে। তবে বাস্তবে যাত্রীবাহী উড়োজাহাজ আটক রেখে পরিচালনায় বাধা সৃষ্টি করা হয় না। এটি তদন্তের স্বার্থে কাগজে-কলমে জব্দ দেখানো হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর জানান, স্বর্ণ উদ্ধারের পর উড়োজাহাজটি সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকায় চলে গেছে। কাস্টম বিভাগ জানিয়েছে, প্লেনটি আনুষ্ঠানিকভাবে জব্দ দেখানো হয়েছে যাত্রীবাহী উড়োজাহাজে এমন চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা নিশ্চিত করতে। সিটের নিচে স্বর্ণ লুকানো কেবল যাত্রীর পক্ষে সম্ভব নয় বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তের অংশ হিসেবে প্লেনের ক্যামেরার ফুটেজ, নিরাপত্তা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হবে। তবে যাত্রী পরিবহনে উড়োজাহাজটির কোনো বাধা নেই।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

