চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি বাসার ছাদ থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দেবপাহাড় এলাকায় তার পৈত্রিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের খবর পেয়ে তিনি ছাদে থাকা পানির ট্যাংকে লুকানোর চেষ্টা করেন।
নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। তার বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে একদল নেতাকর্মীসহ পুলিশ তার বাসার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ বাসার ভেতরে ও ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর দেবপাহাড় এলাকায় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে একটি দল।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

