বাঁশখালী প্রতিনিধি: বিএনপি মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। এই দেশে যখনই স্বৈরাচারী সরকার ফিরে আসে, তখনই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ত্রাতা হয়ে আসেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ ও ২০২৪ সালে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার হটাতে বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের সকল বিজয় অর্জনে জিয়া পরিবারের ভূমিকা রয়েছে। তাই গণতন্ত্রকামী মানুষের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত জামাল দুলাল।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার মাঠে অনুষ্ঠিত মহান বিজয় দিবস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে পুকুরিয়া ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা ৭১ সালের স্বাধীনতায় বিশ্বাসী। জিয়াউর রহমানের অবদান মুছতে দিবনা কখনো। এদেশে একমাত্র বিএনপি দলই গণতান্ত্রিক রাজনীতি করে। বিএনপি এদেশের মানুষের কথা ভাবে। গরীবের পেটে ভাত ও গায়ে বস্ত্র তুলে দিতে কাজ করে। তারেক রহমানের ঐক্য ও ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার পতন হলেও দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। তাদের দোষররা এখনো সবর্ত্রে রয়েছে। বর্তমানে দেশ এখন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণ ছাড়া অন্য কোন বিকল্প নেই। তাই দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে সকল অপশক্তির ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।’
সভায় প্রধান বক্তার বক্তব্যে উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদীন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার দোসররা দেশের অস্তিত্বের উপর একের পর এক আঘাত করে চলেছে। বাংলাদেশ এখন এক চ্যালেঞ্জের সম্মুখীন। এই পরিস্থিতিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের অন্য কোন বিকল্প নেই। বাঁশখালীতে আমরা জাফরুল ইসলাম চৌধুরীর সন্তানদের সাথে ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো।’
এ সময় আলোচনা সভায় পুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ছিদ্দিকের সভাপতিত্বে, পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ ও জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায়, আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছৈয়দুল আলম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক ইউনিয়ন সেক্রেটারি আবদুল মোতালেব, পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল মোতালেব প্রমুখ।’
আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এর আগে সন্ধা থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সভায় যোগ দেন।
এ আর ইমন/রিয়াদ/চট্টলা২৪

