চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় এক সুন্নী মাহফিলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের পক্ষে কাথরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, চুনতি বাজার এলাকায় আহমদীয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীকে। এ ছাড়া সভাপতির দায়িত্বে রয়েছেন সাবেক এমপি মোস্তাফিজের ঘনিষ্ঠ হারুন রশিদ।
তবে এলাকাবাসী আ.লীগ নেতাদের মাহফিলে অতিথি করার বিষয়ে আপত্তি জানালেও একটি মহল তাদের মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজনের চেষ্টা চালাচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
ইউপি সদস্য আবু তালেব বলেন, “বিগত ১৭ বছর ধরে এসব আওয়ামী লীগ নেতারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা তাদের মাহফিলে অতিথি হতে দেব না। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।”
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, “মাহফিলে আ.লীগ নেতার অতিথি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

