সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী হানিফ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে বাসটির অন্তত ২৫ যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চালানো হচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রথমে একটি মিনি পিকআপ ভ্যান এবং পরে একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কার ফলে পিকআপ ভ্যানটি রাস্তা থেকে সরে গিয়ে পাশের পেট্রোল পাম্পে ঢুকে পড়ে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর উদ্দিন রাশেদ জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ফায়ার সার্ভিস লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, গুরুতর আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এক ঘণ্টারও বেশি সময় যানজট ছিল। পরে কুমিরা হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হন। সংশ্লিষ্টরা জানান, দ্রুতগতির যানবাহন এবং অসতর্ক চালনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
বাসের যাত্রী আব্দুল আউয়াল বলেন, “আমি পেছনের সিটে ছিলাম। হঠাৎ দুটি বিকট শব্দে পুরো বাসটি কেঁপে ওঠে। পেছনের কয়েকজন ছাড়া প্রায় সবাই আহত হয়েছেন।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুতগতি ও অসতর্ক চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এআরই/এমএস/চট্টলা২৪

