রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নতুন বছর, নতুন স্বপ্ন: গড়ে উঠুক নতুন বাংলাদেশ

চট্টলা২৪: বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদ আর আত্মত্যাগের সাক্ষী ২০২৪ ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে। নতুন সম্ভাবনা ও সাম্যের স্বপ্ন নিয়ে হাজির হয়েছে ২০২৫। অগ্নিগর্ভ ২০২৪-এ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে নতুন এক গন্তব্যে। ‘দ্বিতীয় স্বাধীনতা’ ও ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন নিয়ে পুরো জাতি আশাবাদী হয়ে নতুন বছরে প্রবেশ করেছে।

২০২৫ সালে দেশজুড়ে সংস্কারের এক মহাযজ্ঞ চলবে, যা জাতিকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে নেবে। তবে এর আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমানো, বিনিয়োগ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনীতির ভারসাম্য রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গত বছরে সাধারণ মানুষের জীবনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় হয়ে উঠেছিল। নতুন বছরে এ পরিস্থিতির উন্নতি আশা করছেন সবাই। সরকার বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা। পাশাপাশি বিনিয়োগবান্ধব অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মিরসরাই শিল্পনগরী চালু হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

নতুন বছরকে কেন্দ্র করে গণতান্ত্রিক উত্তরণ ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রয়েছে জাতির। গত বছরের ‘জুলাই বিপ্লব’-এর আত্মত্যাগ ও চেতনা ধারণ করে দেশবাসী নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবে।

অন্যদিকে, ‘রোহিঙ্গা’ সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। নদী দূষণ, পাহাড় ও বন উজাড় বন্ধের দাবি উঠেছে আরও জোরালোভাবে।

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা নিয়ে উচ্চাশা প্রকাশ করেছেন দেশের বুদ্ধিজীবীরা। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। তরুণদের মেধা ও শ্রম দেশের পুনর্গঠনে কাজে লাগানো হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বছরের বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

২০২৫ সালে সংস্কারের ধারায় নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হোক- এটাই সবার প্রত্যাশা। বিদায় ২০২৪। স্বাগত ২০২৫।

এআরই/ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...