চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, পরিস্থিতি বর্তমানে শান্ত। আহত শ্রমিকদের বেপজা হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বাৎসরিক ৯ শতাংশ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের মধ্যে আন্দোলন চলছিল। সকাল ৯টার দিকে মডিস্ট, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে একপক্ষ অন্য পক্ষকে ইট-পাটকেল ছুঁড়ে মারতে শুরু করে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এক কারখানার প্রধান গেট খোলা নিয়ে অন্য কারখানার শ্রমিকদের সঙ্গে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের সূচনা হয়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের সর্দার মনির হোসেন বলেন, “১২টার পর থেকে আহতরা হাসপাতালে আসতে শুরু করেছেন। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো নাম-পরিচয় জানা যায়নি।”
সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, “জেএমএস ও মেরিমো কারখানার শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত। একটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে এবং অন্য কারখানার শ্রমিকদের লাঞ্চের পর ছুটি দেওয়া হবে।”
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট/ই ডি

