চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে ভাড়া বাসায় বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় তার তিন বছরের শিশুসন্তান ঘরের বাইরে কাঁদছিল। শুক্রবার সকালে কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান এলাকার এক ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৈশাখী দিনাজপুর জেলার পার্বতীপুরের মোশাররফ হোসেনের স্ত্রী। মোশাররফ একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বাঁশখালীতে কর্মরত।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে বৈশাখী ও মোশাররফের বিয়ে হয়। দায়িত্ব পালনের সুবাদে মোশাররফ কালীপুরে নেজাম উদ্দিনের ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন। ঘটনার সময় তিনি অফিসের কাজে চট্টগ্রামে ছিলেন।
শুক্রবার সকালে অন্যান্য ভাড়াটিয়ারা বৈশাখীর শিশুসন্তানকে দরজার বাইরে কাঁদতে দেখে সন্দেহ করেন। বৈশাখীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ দেখতে পান।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
রামদাশ হাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন বাগচী বলেন, “প্রাথমিক তদন্তে এটি পারিবারিক বিরোধের কারণে আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
ডেস্ক রিপোর্ট/ই ডি

