চট্টগ্রামের নগরীর ওয়াসা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর ডট গ্যাং নামে পরিচিত একটি গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। সন্ধ্যায় একটি অফিসে বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ অন্যান্য সমন্বয়করা।
অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে ডট গ্যাংয়ের সদস্যরা। নেতৃত্ব দেন ছাত্রলীগের সাথে জড়িত সাদিক আরমান। এ সময় বেশ কয়েকজন আহত হন এবং অফিসে ভাঙচুর চালানো হয়।
পরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা তাদের অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, ডট গ্যাংয়ের এই সহিংসতার পেছনে সমন্বয়ক রিজাউর রহমান ও খান তালাত মাহমুদ রাফির প্রশ্রয় রয়েছে। আহত ওমর ফারুক সাগর, তানভীর শরীফসহ আরও কয়েকজন শিক্ষার্থী ডট গ্যাংয়ের সরাসরি হামলার শিকার হয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনের সময় খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে “ভুয়া ও চাঁদাবাজ” স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

