মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ ৭৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ হানিফ ওরফে সোহাগ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় ফেনসিডিল বহনকারী দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) রাতের অভিযানে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পিএনজি গার্মেন্টসের সামনে পাকা রাস্তা থেকে সোহাগকে আটক করা হয়। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।
আটক মোহাম্মদ হানিফ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মন্দিয়া এলাকার মোহাম্মদ বাহারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল বহনকারী সিএনজি থামাতে সিগন্যাল দিলে দুই চালক গাড়ি রেখে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে যায়।
ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

