অন্তবর্তী সরকারের আমদানি করা চালের চালান চট্টগ্রাম বন্দরে একের পর এক পৌঁছাচ্ছে। রোববার (১২ জানুয়ারি) ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে আসা ‘এমবি এসডিআর ইউনিভার্স’ জাহাজ থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, এই চাল উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় আমদানি করা হয়েছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টায় চাল খালাস শুরু হয়। ৭-৮ দিনের মধ্যে চাল খালাস শেষ করার পরিকল্পনা রয়েছে। ট্রাকযোগে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বিভিন্ন স্টেশনে এসব চাল পাঠানো হচ্ছে।
এছাড়া, মায়ানমার থেকে আমদানি করা ১ লাখ ৫ হাজার টন আতপ চালের মধ্যে প্রথম দুইটি জাহাজ ১৪-১৫ জানুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ‘এমভি গোল্ডেন স্টার’ জাহাজে থাকবে ২২ হাজার টন এবং অপর জাহাজে আড়াই হাজার টন চাল।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভারত থেকে ‘MV TANAIS DREAM’ জাহাজে প্রথম দফায় ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে আসে। চালের নমুনা পরীক্ষা ও নিয়মিত প্রক্রিয়া শেষে তা বিভিন্ন স্থানে পাঠানো হয়।
ডেস্ক রিপোর্ট /ই ডি

