কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে গলাচিপা এলাকার বীচ ভ্যালী এবং কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সাইরী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে মাল্টিপ্লাগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠ ও বাঁশের তৈরি বীচ ভ্যালী রিসোর্টে কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পুরো রিসোর্ট ধ্বংস হয়। পরে আগুন পাশের কিংশুক ইকো রিসোর্টেও ছড়িয়ে পড়ে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, স্থানীয় বাসিন্দা, পর্যটক ও যৌথবাহিনির দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কিংশুক ইকো রিসোর্টের স্বত্বাধিকারী সরওয়ার, যিনি পরিবারসহ দ্বীপে অবস্থান করছিলেন, নিজের চোখের সামনে প্রতিষ্ঠিত রিসোর্ট পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন।
এই অগ্নিকাণ্ডে রিসোর্ট দুটির মালিকদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

